Contai Quiz Forum
05/06/2026
04/06/2026
ভারতীয় সময় কখন মাঠে নামবেন মেসি-রোনাল্ডোরা?
03/06/2026
আজ World Bicycle Day। সাইকেল খুবই উপযোগী যান। মিঠুনদাকে সাইকেলের আড়াল থেকে গুলি চালাতে দেখেছি ফিল্মে। আমিও জীবনে ওই একটিই যান চালাতে শিখেছি। সাইকেল চালানো আর সাঁতার কাটা -- একবার শিখলে নাকি ভোলা যায় না। প্রথম প্রেমের মতো। লাল টুকটুকে এক হারকিউলিস। আমার প্রথম বাহন। একসময় বিজ্ঞাপন হত -- হারকিউলিস ক্যাপ্টেন টিং টিং। তারপর কালো-সবুজে মেশানো একটা হিরো সাইকেল। অনেক স্মৃতি। আমার এক বন্ধুর ছিল বিএসএ এসএলআর। বিএসএ অর্থাৎ Birmingham Small Arms কোম্পানি প্রথমে বন্দুক বানাতো। তারপর সাইকেল বানানো শুরু করে। লোগোতে তাই বন্দুকের ছবি। ক্লাস সেভেন কিংবা এইটে 'আনন্দমেলা' পত্রিকার একটি সংখ্যা থেকে জানলাম রামনাথ বিশ্বাসের কথা। মলাটের ছবিতে একটা সাইকেলের সামনে হাফপ্যান্ট পরে দাঁড়িয়ে আছেন রামনাথ। অবাক লাগল। সাইকেল চেপে বিশ্বভ্রমণ করে ফেলা যায় ! ইউটিউবের দৌলতে এখন অবশ্য জানা যায় অজস্র রামনাথদের কথা। সাইকেলে গোটা বিশ্ব চষে ফেলছেন কত্ত মানুষ। পেছনে দু' দিকে ঝোলানো স্যাডল ব্যাগ খালি। তাদের vlog-এ বিনা পয়সায় দুনিয়া দেখা যায়। ঘরের কাছে আমাদের অনিন্দ্য মুখোপাধ্যায়ই আছেন। আফ্রিকা এফোঁড়-ওফোঁড় করে ফেলেছেন সাইকেল চেপে। সাহারায় সীতাহরণ। 'সীতাহরণ' অনিন্দ্যদার সাইকেলের নাম। নোবেল মিউজিয়ামে সাজানোর জন্য অমর্ত্য সেন দিয়েছেন তাঁর সাইকেলটি। একটা কুইজে জেনেছিলাম সাইক্লিস্টদের জলের বোতলকে 'বিডন' বলে। নর্স শব্দ 'বিডা' থেকে 'বিডন'। 'বিডা' মানে পাত্র। তাই থেকে বিডন। সাইকেলে চেপে একবার 'বিডা'য় দে মা ঘুরে আসি -- এ জীবনে আর হোলো না। সৌমিত্রর মতো 'এ আকাশ সোনা সোনা' গাইতে-গাইতে বেরিয়ে পড়ব পরের জীবনে। হিমাংশু তালুকদার। আরেক ভ্রামণিক। চমৎকার গদ্য লেখেন। বুড়ো বয়সে একবার শখ জাগল সাইকেলে চেপে কাশী যাবেন। খড়্গপুরের আগে রাস্তায় পাশ দিয়ে হুশ করে একটা ট্রাক বেরিয়ে গেল। তাল সামলাতে না পেরে পপাত ধরণীতলে। পা ভেঙে শয্যাশায়ী হলেন হিমাংশুবাবু। কাশীযাত্রার স্বপ্ন শিশির মতো ভেঙে গেলো। করুণ কাহিনী। কিন্তু লিখেছিলেন চমৎকার করে। ১৯২০ থেকে ৩০-এর দশকে প্রায় দশ জন পার্সি যুবক সাইকেলে চেপে দুনিয়া দেখবেন বলে ঘর ছেড়েছিলেন। আদি হেকিম, গুস্তাদ হাতিরাম, জল বাপাসিয়া, নরিম্যান কাপাডিয়া প্রমুখরা। এঁদের অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হয়ে বোম্বে থেকে ফ্রামরোজ ডাভার নামে আরেক সাংবাদিকও সাইকেলে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। সভ্যদেশের অনেক শহরে সাইকেলের জন্য আলাদা লেন। এ সব ঝঞ্ঝাট নেই। আমাদের নিউ টাউনেও আছে। কিন্তু কেমন যেন খাপছাড়া পরিকল্পনা। মিউনিখে একবার বাস থেকে নেমে না জেনে হাঁদারামের মতো একটা সাইকেল লেনে পথ আটকে দাঁড়িয়েছিলাম বলে এক সাইক্লিস্ট জার্মান ভাষায় 'এই গাঁইয়া' বলে গাল দিয়েছিল। জেনে অবাক হয়েছিলাম এই সাইক্লিস্টদের অনেকে আবার শহর আর জঙ্গলের রাস্তা ধরে এমনভাবে সাইকেল চালান যে পাখির চোখে দেখলে তাদের চলা পথ নানা আর্টের সৃষ্টি করে। দিল্লির কনট প্লেসে বসে ট্যুরিস্টদের পোট্রের্ট আঁকতেন কুমার মহানন্দিয়া। সুইডেন থেকে ভারত দেখতে আসা শার্লট এলেন তাঁর কাছে ছবি আঁকাতে। বাকিটা ম্যাজিক। দু'জনের প্রেম হল। শার্লটের খোঁজে নিজের সেকেন্ডহ্যান্ড Raleigh সাইকেল নিয়ে সুইডেন পাড়ি দিলেন কুমার। সে দেশে দু'জনে ঘরও বেঁধেছিলেন। সেই দু'দিক চাকা মধ্যি ফাঁকা...থুড়ি প্রেমকাহিনী নিয়ে বই লিখলেন পার অ্যান্ডার্সন। The Amazing Story of the Man Who Cycled from India to Europe for Love। ল্যান্স আর্মস্ট্রং যখন ড্রাগের খপ্পরে পড়ে নিন্দিত হন নি, সেই সময় ত্যুর দ্য ফ্রাঁস চলাকালীন কোনো এক ওয়েবসাইটে এক চমৎকার লেখা পড়েছিলাম। বুঝেছিলাম এটি শুধু একটি সাইকেল রেস নয়। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, কূটনীতি, মেটিওরোলজি, ম্যানেজমেন্ট -- সব মেশানো আছে পাঁচনের মতো। হাওয়ার সঙ্গে কীভাবে পাঁয়তারা কষবেন তা বোঝার জন্য সাইক্লিস্টরা আস্ত একখান বিমান কিনে ফেলেছেন এমন নজিরও আছে। ভূপর্যটক রামনাথ তাঁর লেখা Tour Round the World Without Money বইটি উৎসর্গ করেছিলেন যাঁদের, তাঁদের মধ্যে ছিল 'persons who do not care for name and fame'রাও। সাইকেল যেন তাঁদের জন্যই তৈরী।
সঙ্গের ছবিতে দুই বিখ্যাত বাঙালি যাঁরা সাইকেলে বিশ্বভ্রমণ করেছিলেন। বিমল মুখোপাধ্যায় এবং রামনাথ বিশ্বাস।
Courtesy- Abhijit Sukul 🙏
24/05/2026
তাঁর জীবনে এসেছিলেন নার্গিস। বন্ধু আলি আকবর খানের ভাগ্নি। আলি আকবর তাঁকে ভুলিয়ে নিয়ে গিয়েছিলেন কুমিল্লায়। ভাগ্নির সঙ্গে বিয়ে দেবেন। সব ঠিক। চারিদিকে নিমন্ত্রণপত্র বিলি হয়ে গিয়েছে। বিয়ের সন্ধ্যায় কবি জানতে পারলেন, বৌ নিয়ে তিনি কুমিল্লার বাইরে যেতে পারবেন না! সঙ্গে সঙ্গে বেঁকে বসলেন কবি। বুদ্ধি করে কোনওমতে সেখান থেকে পালিয়ে চলে আসেন। কবির প্রথম বিয়ে ভেঙে গেল।
সেই সময় কবি মানসিক আশ্রয় পেয়েছিলেন প্রমীলার কাছে। সেই আশ্রয় ক্রমশ তাঁর কাছে ভরসার স্থল হয়ে ওঠে। প্রমীলা প্রেমে পড়েন কবির। তাঁদের সেই প্রেমের ছায়া বহু কবিতায়। যেমন, ‘কবি-রাণী’। কবি লিখেছিলেন, ‘তুমি আমায় ভালবাসো তাই তো আমি কবি, আমার এ রূপ-সে যে তোমার ভালবাসার ছবি।।’
এ দিকে, সেই সময়ে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেম সমাজ মানবে কেন? বাংলাদেশে ঢি-ঢি পড়ে গেল। সকলেই বিরূপ কবির প্রতি। বাধ্য হয়ে তিনি কলকাতায় চলে এলেন। চিঠিতে চিঠিতে প্রেমের ইজাহার। শেষে আর সামলাতে না পেরে হবু শাশুড়ি গিরিবালা প্রমীলাকে নিয়ে কলকাতায় এলেন। কবিকে সব জানিয়ে জিজ্ঞাসা করলেন, ‘‘তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবে?’’ কবি রাজি। বন্ধুরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন। শুরু হল নতুন জীবন। শেষ দিন পর্যন্ত দু'জনে এক সঙ্গে ছিলেন। প্রমীলা খাইয়ে না দিলে কবি খেতেন না! কবি নিজে কালীপুজো করতেন। দেবীর ভক্ত ছিলেন তিনি। অসংখ্য শ্যামাসঙ্গীত লিখেছেন। যা বহুল জনপ্রিয়।
শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম.
তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা ও ছবি কলকাতা নাইট রাইডার্স পেজ
22/05/2026
কাঁচের গায়ে লেগে থাকা এই প্রানীগুলির নাম কী??
বিজ্ঞানকথা গ্রুপ থেকে(সৌরভ ঘোষ) প্রাপ্ত দীঘার ছবি।।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Contai