Students' Development Association, Raniganj Bazar
সম্প্রতি আমাদের এলাকায় অনলাইন জুয়া নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুব সমাজের একটি অংশ এদিকে আসক্ত হয়ে পড়ছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
বাংলাদেশের আইন অনুযায়ী অনলাইন জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। একই সাথে SDA-এর মূলনীতিও এ ধরনের কর্মকাণ্ডের সম্পূর্ণ বিরোধী।
যেহেতু যুব সমাজ এ ঝুঁকিতে বেশি রয়েছে, তাই আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত—আমাদের কোনো সদস্য এতে জড়িয়ে পড়ছে কিনা। আমরা বিশ্বাস করি, SDA-এর সদস্যরা সচেতন থাকবে, নিজের ব্যক্তিত্ব ও মূল্যবোধ বজায় রাখবে।
তবুও, একটি বিষয় আমরা স্পষ্টভাবে জানাতে চাই—
👉 যদি আমাদের সংগঠনের কোনো সদস্য কারও কাছে টাকা ধার চান, তাহলে শুধুমাত্র “ভালো মানুষ” বা “SDA এর সদস্য” বিবেচনায় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিবেন না। ঋণ দেয়া-নেয়া সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়—তাই সতর্ক থাকুন।
বর্তমানে অনলাইন জুয়া এক ধরনের সামাজিক মহামারীতে রূপ নিচ্ছে।
👉 Cyber Security Ordinance 2025 অনুযায়ী এটি একটি অপরাধ
🔹 সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড
🔹 অথবা ১০ লাখ থেকে ১ কোটি টাকা জরিমানা
প্রতিদিন অসংখ্য মানুষ এতে জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় খুঁজলেই এর বাস্তব উদাহরণ পাওয়া যায়।
তাই, সচেতনতা নিজ থেকেই আসতে হবে—কারণ কাউকে জোর করে সচেতন করা সম্ভব না।
👉 SDA-এর পক্ষ থেকে যুব সমাজের প্রতি আমাদের আহ্বান—
নিজেকে, পরিবারকে এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে অনলাইন জুয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন।
ধন্যবাদ।
03/04/2026
CHAMPIONS of South Asia! 🏆🇧🇩
Congratulations Bangladesh 🇧🇩
রানীগঞ্জ ইউনিয়নের যুবক ভাই এভাবে খবরের শিরোনাম হবে তা কাম্য ছিল না।
https://www.facebook.com/share/v/1Ae8Mpnv12/
28/03/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, সম্প্রতি লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীস যাওয়ার পথে নৌকাডুবিতে ২২ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই ভয়াবহ দুর্ঘটনায় আমাদের প্রাণপ্রিয় জগন্নাথপুর উপজেলা এবং পার্শ্ববর্তী দিরাই উপজেলার বেশ কয়েকজন টগবগে যুবক প্রাণ হারিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই তরুণরা ছিল তাদের পরিবারের স্বপ্ন ও ভরসার প্রতীক। তাদের এমন অকাল ও করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন-এর পক্ষ থেকে আমরা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
একটি বিশেষ অনুরোধ ও সচেতনতা:
উন্নত জীবনের আশায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাড়ি দেওয়া আজ আমাদের অঞ্চলের তরুণদের এক মরণফাঁদে পরিণত হয়েছে। দালালের প্রলোভনে পড়ে উত্তাল সমুদ্রে ছোট নৌকায় জীবনের ঝুঁকি নেওয়া কোনোভাবেই কাম্য নয়। একটি সাজানো সংসার এভাবে ধ্বংস হয়ে যাক, তা কারোরই কাম্য হতে পারে না।
আমরা জগন্নাথপুর ও দিরাইসহ পুরো দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাই:
১. দালালের মিথ্যা প্রলোভনে পা দেবেন না।
২. অবৈধ ও অনিরাপদ পথে বিদেশ যাত্রাকে না বলুন।
৩. জীবন অনেক মূল্যবান, একে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবেন না।
আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও এই আত্মঘাতী পথ থেকে বিরত রাখি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
27/03/2026
নিরাপদ যাতায়াতে সচেতন হোন, জীবন বাঁচান।
"প্রতিটি ছবি আমাদের এক একটি নির্মম বাস্তবতার কথা মনে করিয়ে দেয়, যেখানে সামান্য অসতর্কতার মূল্য জীবন দিয়ে দিতে হয়। এই সব দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো, যদি আমরা সময়ের চেয়ে জীবনের মূল্যকে বেশি দিতাম। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর কোনো স্বপ্ন যেন মাঝপথেই হারিয়ে না যায়—আসুন, আমরা নিজেরা সতর্ক হই এবং অন্যদেরও সতর্ক করি।
নিয়ম মেনে চলুন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করুন। আপনাদের দায়িত্বশীল আচরণই পারে একটি সুন্দর ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ উপহার দিতে। গতি নয়, নিরাপদে বাড়ি ফেরাই হোক আমাদের লক্ষ্য।
প্রতিটি দুর্ঘটনা শুধু একটি সংখ্যা নয়, বরং একটি পরিবারের সারাজীবনের কান্না। আপনার সামান্য সচেতনতা পারে একটি অকাল মৃত্যু রোধ করতে। নিরাপদ যাতায়াতের জন্য নিচের ধাপগুলো মেনে চলুন:
১. সড়কপথে সচেতনতা (বাস ও গাড়ি)
গতির চেয়ে জীবন বড়: চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে উৎসাহিত করুন।
চলন্ত অবস্থায় মোবাইল নয়: গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না।
নিরাপদ পারাপার: রাস্তা পারাপারে সর্বদা ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করুন।
২. রেলপথের সতর্কতা (ট্রেন)
ছাদে ভ্রমণ নিষিদ্ধ: ট্রেনের ছাদে ভ্রমণ করা আইনের পরিপন্থী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো অবস্থাতেই ছাদে উঠবেন না।
দরজায় ঝুঁকি নেবেন না: ট্রেনের দরজায় ঝুলে থাকা বা পাদানিতে দাঁড়িয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
ক্রসিংয়ে সতর্কতা: লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সিগন্যাল মেনে চলুন; তাড়াহুড়ো করে লাইন পার হবেন না।
৩. মোটরসাইকেল চালকদের জন্য
হেলমেট বাধ্যতামূলক: চালক এবং আরোহী—উভয়েই উন্নতমানের হেলমেট ব্যবহার নিশ্চিত করুন।
ধীরে চলুন: অকারণে দ্রুত গতিতে বাইক চালাবেন না এবং বিপজ্জনক ওভারটেকিং বর্জন করুন।
৪. নৌপথের নিরাপত্তা (লঞ্চ ও নৌকা)
অতিরিক্ত যাত্রী হবেন না: ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চ বা নৌকায় উঠবেন না।
লাইফ জ্যাকেট ও বয়া: জরুরি অবস্থার জন্য লাইফ জ্যাকেট বা বয়া কোথায় থাকে তা জেনে রাখুন।
আবহাওয়া দেখে নিন: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে যাত্রা করবেন না।
"আপনার সচেতনতাই আপনার পরিবারের হাসি ধরে রাখতে পারে।"
সবাই নিরাপদে এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।"
প্রচারে: স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন
26/03/2026
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের এই আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না।
25/03/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
৪০ জনের উপরে যাত্রী নিয়ে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে গেছে বাসটি। অনেকেই নিখোঁজ।
আল্লাহ! এই মানুষগুলোকে আপনি ক্ষমা করে জান্নাতে জায়গা করে দিন৷ পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দিন৷
আসসালামু আলাইকুম,
কিছুদিন আগে আমাদের সংগঠনের এক সদস্যের মাধ্যমে একটি ছবি ও ভিডিও আমাদের কাছে আসে। সেখানে দেখা যায়, এক অসহায় মহিলা অভিযোগ করছেন—তার মেয়ের জামাই তাকে মারধর করেছে এবং তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। নিম্নবিত্ত হওয়ায় ন্যায়বিচার পাওয়ার মতো কেউ এগিয়ে আসছিলেন না।
বিষয়টি জানার সাথে সাথেই SDA-এর কয়েকজন সদস্য মহিলার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত হন। এমন হৃদয়বিদারক পরিস্থিতি দেখে আমরা আইনের আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। তবে স্থানীয় আত্মীয়স্বজন ও মুরুব্বীদের অনুরোধে, এবং ভুক্তভোগী মহিলার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে, গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার জনাব জাকির হোসেনকে ফোনে বিষয়টি অবহিত করলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় আজ ২৫ মার্চ ২০২৬ তারিখে SDA-এর সদস্যবৃন্দ, মেম্বার সাহেব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অভিযুক্ত আলামিনের উপস্থিতিতে একটি সুষ্ঠু সমাধান নিশ্চিত করেন।
সিদ্ধান্ত অনুযায়ী— ভুক্তভোগী মহিলার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আলামিনকে দেয়ার পাশাপাশি তার কাছ থেকে প্রতিশ্রুতি নেয়া হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার।
জনাব জাকির হোসেন মেম্বার সাহেবসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, একটি সুন্দর ও ন্যায্য সমাধান নিশ্চিত করার জন্য।
আমাদের সমাজে এখনো অনেক গরিব মানুষ নির্যাতনের শিকার হয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। বিষয়টা এমন হয়ে গেছে ধনীদের বিচার পাইয়ে দেয়ার লোকের অভাব না হলেও গরিবরা নির্যাতিত হলে দেখারই কেউ নাই। কিন্তু আমরা বিশ্বাস করি—একসাথে দাঁড়ালে পরিবর্তন সম্ভব।
যারা এই ঘটনায় মর্মাহত হয়ে ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
👉 গরিব হোক বা ধনী—ন্যায়বিচারের প্রশ্নে SDA সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
20/03/2026
আসসালামু আলাইকুম।
দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই 'স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের' পক্ষ থেকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। পরিবারের সাথে আপনাদের ঈদ আনন্দময় এবং বরকতময় হোক।
ঈদ মোবারক।
আজ ১৫ মার্চ ২০২৬ সকালে SDA-এর কাছে একটি ভিডিও ফুটেজ আসে, যেখানে দেখা যায় রানীগঞ্জ বাজারের মেঘনা ফুডসে কিছু জিলাপি মাটিতে পড়ে যাওয়ার পর সেগুলো আবার উপরের থালায় রাখা হচ্ছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই SDA এর অনেক সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান ।
পরে SDA এর কয়েকজন প্রতিনিধি এবং রানীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম সাহেবকে সাথে নিয়ে মেঘনা ফুডসের মালিকের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চাওয়া হয়। তিনি জানান, ওই জিলাপিগুলো বিক্রির জন্য রাখা হয়নি; সেগুলো আগের দিনের নষ্ট হয়ে যাওয়া জিলাপি, যা ময়লা সংগ্রহকারীর কাছে দেওয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল।
বিষয়টি পরিষ্কার করতে আমরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি তা দেখান। ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, ওই জিলাপিগুলো ফেলে দেওয়ার উদ্দেশ্যেই আলাদা করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো ফেলে দেওয়া হয়েছে।
মেঘনা ফুডসের মালিক আমাদের আশ্বস্ত করেছেন যে তারা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বের সাথে দেখেন এবং আগের দিনের নষ্ট খাবার প্রতিদিন সকালে আলাদা করে ফেলে দেওয়া হয়।
মূলত এই ঘটনাটি নিয়ে SDA সদস্যদের সাথে মেঘনা ফুডসের একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, যা এখন পরিষ্কার হয়েছে।
যারা আগের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে— যেহেতু বিষয়টির সঠিক ব্যাখ্যা ও প্রমাণ পাওয়া গেছে, তাই দয়া করে আগের ভিডিওটি ফেসবুক থেকে রিমুভ করে দিবেন।
আমরা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে, নীতির পক্ষে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আশা করি সকল ব্যবসায়ীরা এভাবেই পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকবেন।
12/03/2026
আলহামদুলিল্লাহ আজ 'Student Development Association, Raniganj Bazar' এর উদ্যোগে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন সফল করার পেছনে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা অনুদান দিয়েছেন এবং যারা সারাদিন পরিশ্রম করে কাজ করেছেন—সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
Student Development Association, Raniganj Bazar এর সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও একতার কারণেই আজকের এই আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা আপনাদের সকলের এই পরিশ্রম ও অবদান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আগামী দিনগুলোতেও আমরা সবাই একসাথে সমাজের এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব—এই প্রত্যাশা রইল ইনশাআল্লাহ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Raniganj Bazar, Jagannathpur
Sunamganj
3060