Shubhayu
21/06/2026
অনুভূতির প্রদর্শন, নাকি অনুভূতির সত্যতা?
অনেক মানুষকে দেখি, তারা শীতের সকালের কুয়াশায় মুগ্ধ হয়, বৃষ্টির শব্দে কবিতা খুঁজে পায়, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায়। তারা সেই মুহূর্তগুলো ধরে রাখতে চায়, ভাগ করে নিতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই একই মানুষ কখনও কখনও পাশে থাকা একজন মানুষের নীরবতা পড়তে পারে না, তার না বলা কষ্ট বুঝতে পারে না।
আমরা অনেকেই মহান মানুষদের গল্প শেয়ার করি, সাহস, সততা আর মানবিকতার কথা বলি। কিন্তু নিজের জীবনে যখন সত্যের পক্ষে দাঁড়ানোর ছোট্ট একটি সুযোগ আসে, তখন সেই আদর্শগুলো কোথায় যেন হারিয়ে যায়। কথার মধ্যে যে দৃঢ়তা থাকে, বাস্তবতার পরীক্ষায় অনেক সময় তার ছায়াটুকুও খুঁজে পাওয়া যায় না।
আজকাল মানুষ গভীর কথার প্রেমিক, সুন্দর গানের শ্রোতা, দামী বইয়ের পাঠক হতে ভালোবাসে। তারা সৌন্দর্য অনুভব করতে চায়, কিন্তু সেই সৌন্দর্যের মূল যে আন্তরিকতা, সরলতা আর সত্যিকারের অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে সেটা অনেক সময় ভুলে যায়।
তাহলে প্রশ্ন থেকেই যায় মানুষ কি সত্যিই সৌন্দর্যকে ভালোবাসে, নাকি শুধু তার সুন্দর উপস্থাপনাটাকে?
কল্পনার জগতে ভালোবাসা, মায়া, মানবিকতা সবকিছুই খুব সহজ মনে হয়। কারণ সেখানে কোনও দায়িত্ব নেই, কোনও ঝুঁকি নেই, কোনও বাস্তব পরীক্ষা নেই কিন্তু যখন সেই একই অনুভূতি একজন বাস্তব মানুষ হয়ে সামনে দাঁড়ায় তার দুর্বলতা, অসম্পূর্ণতা আর সত্যিকারের অস্তিত্ব নিয়ে তখন কেন এত দ্বিধা? কেন এত পিছিয়ে যাওয়া? হয়তো মানুষ অনেক সময় অনুভূতিকে ভালোবাসে না, ভালোবাসে অনুভূতির একটি সুন্দর ছবি কারণ ছবিকে দূর থেকে প্রশংসা করা যায়, কিন্তু বাস্তবতাকে গ্রহণ করতে হয় হৃদয় দিয়ে।
আর হৃদয় দিয়ে গ্রহণ করার ক্ষমতাটাই হয়তো আজ সবচেয়ে বিরল।
..শুভায়ু
तेरे इश्क ने साथिया
मेरा हाल क्या कर दिया......❤️
16/06/2026
"পরিণত হওয়ার অহংকারে নিজের ভেতরের শিশুটাকে হারিয়ে ফেলবেন না"-
মানুষের বয়স বাড়ে, ক্যালেন্ডারের পাতা বদলায়, অভিজ্ঞতার ঝুলি ভারী হয়,কিন্তু তার মানে এই নয় যে হৃদয়ের প্রতিটি কোণকে কঠিন পাথরে পরিণত করতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, সব অনুভূতিকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপতে শেখা। কারণ কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত, কিছু মানুষ তাদের সৌন্দর্যই লুকিয়ে থাকে একটু সরলতায়, একটু বোকামিতে, একটু শিশুসুলভ উচ্ছ্বাসে।আজকাল “maturity” শব্দটির ব্যবহার এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ হাসার আগেও ভাবে, ভালোবাসার আগেও হিসেব করে, নিজের অনুভূতি প্রকাশ করার আগেও নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তা করে। যেন আবেগ প্রকাশ করা দুর্বলতা, আর সবকিছু নিয়ন্ত্রণে রাখাই পরিণত হওয়ার একমাত্র প্রমাণ।আমি এমন মানুষও দেখেছি, যারা হাসতেও ভয় পায়,পাছে কেউ তাকে immature ভাবে😂। আনন্দ প্রকাশ করার আগেও যেন একটা অদৃশ্য অনুমতির দরকার হয়। প্রতিটি কথার আগে হিসেব কষে,এটা বলা উচিত কি না, এভাবে বলা ঠিক হবে কি না। ধীরে ধীরে তারা এতটাই “পরিণত” হয়ে ওঠে যে, তাদের ভেতরের স্বাভাবিক মানুষটাই কোথায় যেন হারিয়ে যায়।সবচেয়ে মজার বিষয় হলো, কিছু মানুষ সম্পর্ককেও একটা পরীক্ষার খাতা বানিয়ে ফেলে। কোনটা mature, কোনটা immature,কোন আচরণ গ্রহণযোগ্য, কোনটা নয়,সবকিছুরই যেন একটা মাপজোক চাই। অথচ তারা ভুলে যায়, সম্পর্ক কোনো অফিসের নিয়মাবলী নয়, যেখানে প্রতিটি অনুভূতির জন্য আলাদা অনুমোদন লাগবে। কিছু সম্পর্ক বেঁচে থাকে কারণ সেখানে হিসেব কম, আর অনুভূতি বেশি।সব সম্পর্ককে জোর করে গম্ভীর করে তুললে, তার স্বাভাবিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। কিছু সম্পর্ক নদীর মতো,তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গেলে তার স্রোত হারিয়ে যায়।সেখানে একটু অভিমান, একটু দুষ্টুমি, একটু অকারণ হাসি, একটু পাগলামিই সম্পর্কের আসল প্রাণ।অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের শিশুটাকে লুকিয়ে ফেলেন। ভাবেন, সরলতা মানুষকে ছোট করে। কিন্তু সত্যিটা হলো ,যে মানুষ এখনও কোনো ছোট্ট আনন্দে খুশি হতে পারে, কোনো আপনজনের সঙ্গে নির্ভয়ে হাসতে পারে, সে-ই জীবনের আসল স্বাদ বোঝে।তবে শিশুসুলভ হওয়া আর অপরিণত হওয়া এক জিনিস নয়। অপরিণত মানুষ নিজের কাজের দায় নিতে শেখে না, আর পরিণত মানুষ জানে কোথায় গভীর হতে হবে, আর কোথায় একটু পাগল হয়ে বাঁচতে হবে। আসল maturity হলো এই পার্থক্যটা বোঝা কারণ সব মুহূর্ত serious নয়, সব কথার মধ্যে গভীর অর্থ খুঁজতে হয় না, আর সব সম্পর্ক maturity এর পরীক্ষায় পাশ করার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্ক শুধু চায়,একটু আন্তরিকতা, একটু হাসি, আর এমন একজন মানুষ যে এখনও পুরোপুরি পৃথিবীর মতো কঠিন হয়ে যায়নি।
আপনি কোথায় immature হতে পারবেন,সেটাই আপনার প্রকৃত maturity এর পরিচয়। কারণ নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখতে পারা মানুষই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোকে সত্যিকারের অনুভব করতে পারে।
🖋️শুভায়ু
15/06/2026
জীবনকে একটু সহজ করে দেখুন :
মানব জীবন সত্যিই বড় ছোট,কখন কোন মুহূর্ত আমাদের শেষ স্মৃতি হয়ে দাঁড়াবে, তা কেউ জানে না। তবুও আশ্চর্যের বিষয়, মানুষ এই অল্প সময়ের জীবনটাকেই কত জটিল করে তোলে। নিজের চারপাশে তৈরি করে এক অদৃশ্য খোলস, যেখানে অনুভূতির স্বাভাবিক প্রবাহও যেন অনুমতির অপেক্ষায় থাকে।আমরা অনেক সময় ভুলে যাই, জীবন কোনো কঠিন পরীক্ষার খাতা নয়,এটি এক দীর্ঘ যাত্রা, যেখানে হাসি, কান্না, ভালোবাসা, বন্ধুত্ব,সবকিছুরই সমান গুরুত্ব আছে। অথচ আজ মানুষ সহজ
সম্পর্কগুলোকেও এত হিসেব নিকেশের মধ্যে বেঁধে ফেলেছে, যেন প্রতিটি কথার আগে কোনো যুদ্ধের পরিকল্পনা করতে হয়।বন্ধুত্বের সৌন্দর্য তার সরলতায়, ভালোবাসার সৌন্দর্য তার নিঃশর্ততায়। সেখানে অহংকারের দেয়াল, সন্দেহের প্রাচীর কিংবা অযথা গাম্ভীর্যের বোঝা যত বাড়ে, সম্পর্ক ততই তার প্রাণ হারায়। একটি আন্তরিক কথা, একটি ছোট্ট খোঁজ নেওয়া, কিংবা নিঃশব্দে পাশে থাকা,অনেক সময় জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে।জীবন আমাদের শেখায়, সবকিছু ধরে রাখার চেষ্টা করেও কিছুই চিরকাল ধরে রাখা যায় না। তাই যতদিন আছি, যতটুকু সময় হাতে আছে, ততটুকু ভালোবাসা দিয়ে বাঁচা উচিত। রাগ জমিয়ে, অভিমান লুকিয়ে, অনুভূতি আটকে রেখে কোনো বিজয় আসে না,বরং হারিয়ে যায় জীবনের ছোট ছোট আনন্দগুলো।নিজেকে শক্ত রাখার অর্থ অনুভূতিহীন হয়ে যাওয়া নয়,বরং প্রকৃত শক্তি হলো নিজের হৃদয়কে জীবনের সৌন্দর্যের জন্য খোলা রাখা কারণ মানুষ তার সম্পদ, পরিচয় বা সাফল্যের জন্য নয়,তার দেওয়া ভালোবাসা আর রেখে যাওয়া স্মৃতির জন্যই বেঁচে থাকে।তাই জীবনকে একটু সহজভাবে দেখা দরকার। হাসুন, ভালোবাসুন, ক্ষমা করুন, কাছে থাকা মানুষগুলোর মূল্য বুঝুন,কারণ জীবন বড় নয়,কিন্তু সুন্দর হতে পারে, যদি আমরা তাকে অযথা কঠিন করে না তুলি।
🖋️শুভায়ু
Click here to claim your Sponsored Listing.