Photo Lab
06/03/2023
পরিচিত হোন লাল মিয়ার সাথে।
লাল মিয়া একজন জেলে, সুন্দরবনের গহীন অরণ্যে সে মাছ ধরে।
আমরা যেদিন সুন্দরবনে নৌকায় খালে খালে ঘুরছি, সেদিন লাল মিয়ার সাথে দেখা। এই ছোটো ছিপ নৌকায় সে তিন দিন তিন রাত কাটিয়ে ছয়টা কাঁকড়া ধরেছে। কাঁকড়াগুলো সে দেড় হাজার টাকা কেজি বিক্রয় করবে বলে আশা করছে। তার নৌকায় ছোট্ট সোলার আছে, ও দিয়ে সে লাইট জ্বালায়, রেডিও চালায়। অল্প কিছু ছোট ছোট মাছ ধরেছে, সেগুলো সে রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।
সুন্দরবনে সে এমন সব দ্বীপে ঘুরে বেড়ায় যেখানে কোনো মানুষ বসবাস করে না। ইদানিং মাছ, কাঁকড়া সে তেমন একটা পাচ্ছে না। তার লাইফের স্ট্রাগলের তুলনায় উপার্জন নিতান্তই সামান্য। আমাদের দেখে ভয় পেয়ে গিয়েছিল, প্রথমে কথাই বলতে চায় নি। পরে আশ্বস্ত করলে সে আলাপে রাজি হয়, মিথ্যে বাঘের গল্প সে শোনায় নি, এই তিন দিনে সে বাঘ দেখেনি।
তবে বাঘের গন্ধ পেয়েছে। তার খুব কাছে দিয়েই বাঘ গিয়েছে। হয়ত পিছন থেকে ঘাড় মটকে খাবার সুযোগ ছিল না। হয়ত ওঁৎ পেতেছে রাতে ফিরে এসে খাবে বলে।
এজন্য রাতে সে বিশেষ সতর্ক থাকে, নৌকা গাছে বেঁধে খালে ভাসায়। ভাটার স্রোতে নৌকা গিয়ে আটকায় খালের পানিধারার মাঝামাঝি। বাঘের নাগালের বাইরে।
লাল মিয়া জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Rajshahi